Box-2

ইসলামী আন্দালনের প্রার্থী সিরাজী বিতর্কে দলের ইমেজ ক্ষুন্ন

সম্প্রতি নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী আল মাদানীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় রীতিমত দলটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাছাড়া এ ঘটনার জের ধরে নারায়ণগঞ্জের অন্য আসনে থাকা ইসলামী আন্দোলনের প্রার্থীদের উপরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া জামায়াতে ইসলামীর সাথে ইসলামী আন্দোলনের জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ক্ষেত্রে এ ধরনের বিতর্কিত প্রার্থী নিয়ে বেশ জটিলতা তৈরি হতে পারে। তার উপরে প্রথম থেকে এ আসনে  এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলাম। ফলে জামায়াত সহ ১১ দলীয় জোট দলের আসন ভাগাভাগিতে এ ধরনের বিতর্কিত প্রার্থীদের কারণে নানা জটিলতা তৈরি হতে পারে। ফলে এ নিয়ে কঠিন সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সংশ্লিষ্টরা বলছেন, জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হয়ে সারা দেশ সহ নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থীতা নিয়ে নানা জটিলতা রয়েছে। জোট থেকে এখনো ইসলামী আন্দোলনের প্রার্থীতা ঘোষণা করা হয়নি। এ বিষয়ে আসন ভাগাভাগি হয়নি। তার উপরে নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। তবে এই আসনে ইসলামী আন্দোলনের ইসমাইল সিরাজীকে সমর্থন দেয়নি। এর মধ্যে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগের ফলে তার বিষয়ে জোট থেকে কঠিন সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে জামায়াত সমর্থিত এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের রয়েছে ক্লিন ইমেজ। ফলে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আল আমিন জোটের প্রার্থী হিসেবে এই আসনে বেশ এগিয়ে রয়েছেন।
জানা গেছে, গত ৮ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাইল সিরাজীর বিরুদ্ধে অর্থআত্মসাৎ সহ নির্যাতনে অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ী মাজহারুল ইসলাম।
তার অভিযোগ, একটি ট্রাভেল এজেন্সির নামে কানাডায় যাওয়ার ‘ট্যুরিস্ট ভিসা’র ব্যবস্থা করে দিবেন দাবি করে ৫ লাখ টাকা আত্মসাৎ ও টাকা ফেরত চাওয়াতে আটকে রেখে নির্যাতন করেছেন ইসলামী আন্দোলনের ওই নেতা।
মাজহারুল বলেন, “লর্ড ট্রাভেলস এন্ড টুরিস্টের চেয়ারম্যান ইসমাইল সিরাজীর সাথে তার দুই ক্লায়েন্ট কামরুল ইসলাম জুয়েল ও আব্দুল আজিজের কানাডা যাওয়ার বিষয়ে ৩২ লাখ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, গত বছরের অক্টোবর ও ডিসেম্বরে দুই দফায় নগদ ৫ লাখ টাকা গ্রহণ করেন ইসমাইল সিরাজী, যার লিখিত স্ট্যাম্প চুক্তিও রয়েছে। কিন্তু দীর্ঘ এক বছর পার হলেও ভিসা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন তিনি। পাওনা টাকা ফেরত চাইলে গত ১৬ অক্টোবর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের নওয়াব আলী টাওয়ারে অবস্থিত লর্ড ট্রাভেলস’র অফিসে মাজহারুল ইসলাম ও তার ক্লায়েন্ট আব্দুল আজিজকে ডেকে নেওয়া হয়।”
হামলা ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “অফিসে টাকা ফেরত চাইলে ইসমাইল সিরাজী ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আব্দুল আজিজ একজন হার্টের রোগী হওয়া সত্ত্বেও তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি এবং ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।
অনুরোধেও নির্যাতন বন্ধ না করে ইসমাইল সিরাজী “তোরা মারা গেলে আমার টাকা দেওয়া লাগবে না” বলেও মন্তব্য করেন, অভিযোগ ব্যবসায়ীর।
টাকা আত্মসাৎ ও নির্যাতনের পর উল্টো পল্টন থানায় ইসমাইল সিরাজী একটি সাধারণ ডায়েরি করে রেখেছেন বলেও জানান মাজহারুল ইসলাম। তিনি বলেন, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতাদের দ্বারস্থ হয়েও এ বিষয়ে সমাধান পাননি।
বিতর্কিত প্রার্থীর কারণে দলের ইমেজ ক্ষুন্ন হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ দেশকণ্ঠকে বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ইসমাইল সিরাজীর ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি আমি জানি। তবে তার ব্যক্তিগত বিষয়ে অভিযোগ থাকলে আইন অনুযায়ী যে কেউ ব্যবস্থা নিতে পারে মামলা করতে পারে। কোন ব্যক্তির দায়ভার দল নেবে না। তার কারণে দলের অন্য প্রার্থীদের ভোটের মাঠে প্রভাব পড়বে না বলে আমি মনে করি। 
তিনি আরও বলেন, ইসমাইল সিরাজী এক সময় জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে ২০১৯ সালে তিনি দল বদল করে ইসলামী আন্দোলনের রাজনীতিতে যোগদান করেন। ফলে ওই দল সহ নারায়ণগঞ্জ-৪ আসনের অন্যান্ন প্রার্থীরা তার প্রতিদ্ব›দ্বী হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় অনেকে নির্বাচনের আগে এসে পেছন থেকে তার বিরোধীতা করছেন।
জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের সমঝোতার বিষয়ে তিনি বলেন, নির্বাচনী মাঠে জোট থেকে এখনো আসন ভাগাভাগি হয়নি। এ বিষয়ে দলের হাইকমান্ড সিদ্ধান্ত দেবেন। তারা যে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী কাজ করবো। নারায়ণগঞ্জর ৪টি আসনে আমাদের দলের প্রার্থী রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com